Home চট্টগ্রাম চট্টগ্রাম বন্দরে লাগাতার ধর্মঘট, চার আন্দোলনকারীকে তুলে নেওয়ার অভিযোগ, নাকচ করলেন বন্দর চেয়ারম্যান

চট্টগ্রাম বন্দরে লাগাতার ধর্মঘট, চার আন্দোলনকারীকে তুলে নেওয়ার অভিযোগ, নাকচ করলেন বন্দর চেয়ারম্যান

পাহাড় সমুদ্র ডট কম সংবাদদাতা

প্রকাশ : ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৪

Share

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বন্দর চেয়ারম্যান

চার দফা দাবিতে রবিবার সকাল ৮টা থেকে চট্টগ্রাম বন্দরে লাগাতার ধর্মঘট শুরু করেছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। ধর্মঘটের ফলে বন্দরের মূল জেটি ও বহির্নোঙরে কার্যক্রম প্রায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে। মূল জেটিতে থাকা ১২টি এবং বহির্নোঙরে থাকা অর্ধশতাধিক পণ্যবাহী জাহাজে পণ্য খালাস বন্ধ রয়েছে। সকাল থেকে বন্দরের ভেতরে কোনো ট্রেলার বা পণ্যবাহী যানবাহন প্রবেশ করেনি।

নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা না দেওয়া, বন্দর চেয়ারম্যানকে প্রত্যাহার, আন্দোলনরত কর্মচারীদের বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা বাতিল এবং তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা না নেওয়ার দাবিতে এই ধর্মঘট চলছে। আন্দোলনকারীদের অভিযোগ, ধর্মঘট দমাতে প্রশাসন শক্তি প্রয়োগ করছে এবং তাদের দুই নেতাকে তুলে নেওয়া হয়েছে।

চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহীম খোকন বলেন, শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত সংগ্রাম পরিষদের দুজন প্রবীণ নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয়েছে। বন্দর চেয়ারম্যান শক্তি প্রয়োগ করে আন্দোলন দমন করতে চাইছেন। শক্তি প্রয়োগ হলে আরও কঠিন আন্দোলন গড়ে তোলা হবে। আলোচনা ছাড়া শক্তি প্রয়োগ করে আন্দোলন দমানো যাবে না।

তবে এসব অভিযোগ নাকচ করে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান দাবি করেছেন, বন্দরের কার্যক্রম সচল রয়েছে। রোববার দুপুরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, কিছু বিপথগামী কর্মচারী বন্দরকে ‘হাইজ্যাক’ করে জনগণকে জিম্মি করার চেষ্টা করছে। তিনি আরও বলেন, এনসিটি ইজারার বিষয়ে এখনো আলোচনা শেষ হয়নি।

এদিকে বাস্তব চিত্র ভিন্ন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। তাদের দাবি, শ্রমিক-কর্মচারীরা শতভাগ ধর্মঘটে থাকায় বন্দরের অপারেশনাল কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে। পরিস্থিতি ঘিরে বন্দর ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সর্বশেষ :

আরও পড়ুন: