হঠাৎ স্লোগানের আওয়াজ। ভোটকেন্দ্রের সামনে ভিড় জমে ওঠে। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি বদলে যায়—ঢুকে পড়ে দুর্বৃত্তরা, ব্যালট বাক্স ঘিরে শুরু হয় বিশৃঙ্খলা। ঠিক তখনই দৃশ্যপটে হাজির স্ট্রাইকিং ফোর্স। লাঠিচার্জ ও বিশেষ ব্যবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে আইনশৃঙ্খলাবাহিনীর। তবে বাস্তবতা এটি নয়—এটি ছিল বৃহস্পতিবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট কেন্দ্র দখল রোধে করণীয় মহড়ার অংশ।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় আলুটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মাটিরাঙ্গা সেনা জোনের তত্ত্বাবধানে এবং জোন কমান্ডারের নির্দেশনায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়। এতে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসারসহ বিভিন্ন বাহিনীর দুই শতাধিক সদস্য অংশ নেন।

মহড়ায় দেখানো হয় কিভাবে ভোট কেন্দ্র দখল বা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। নির্বাচনী পরিস্থিতি নিয়ন্ত্রণে মোবাইল টিম ও স্ট্রাইকিং টিম কন্ট্রোল রুমের নির্দেশে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামলানোর প্রক্রিয়াও প্রদর্শন করা হয়। এছাড়া লাঠিচার্জ, গ্যাসগান ও সাউন্ড গ্রেনেড ব্যবহারের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা দেখানো হয়।
মহড়ায় একটি ভোটকেন্দ্রে স্বাভাবিক কার্যক্রম চলাকালীন দুর্বৃত্তদের অনুপ্রবেশ, ভোটগ্রহণে বাধা, ব্যালট বাক্স ছিনতাই এবং বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির দৃশ্য প্রদর্শন করা হয়। একই সঙ্গে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলাবাহিনীর সমন্বিত অভিযানের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের পদ্ধতিও তুলে ধরা হয়।

মহড়ায় উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনীর সিনিয়র অফিসার মেজর গাফফারুজ্জামান, পিএসসি (ভারপ্রাপ্ত জেডএসও মাটিরাঙ্গা জোন), আনসার ব্যাটালিয়ন, পুলিশ ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।


