১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাহাড়ি জেলা বান্দরবানে জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বান্দরবান-৩০০ আসনের মোট ১৮৭টি ভোটকেন্দ্রের মধ্যে ১৫৮টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে জেলা প্রশাসন।
নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে রোববার বিকেল থেকে জেলার সব ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাঠানো শুরু হয়। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় রুমা, থানচি, রোয়াংছড়ি ও আলিকদম উপজেলার ১১টি কেন্দ্রে ৭ ফেব্রুয়ারি থেকে হেলিকপ্টারের মাধ্যমে ব্যালট বাক্স, সরঞ্জাম ও নিরাপত্তা সদস্য পাঠানো হয়। মঙ্গলবার সেই কার্যক্রম সম্পন্ন হয়েছে।
বান্দরবান-৩০০ আসনের আওতায় রয়েছে ৭টি উপজেলা, ২টি পৌরসভা ও ৩৪টি ইউনিয়ন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ৪২২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬১ হাজার ৭৭৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৬৪৭ জন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল আলম জানান, ৬ জানুয়ারি থেকে ধাপে ধাপে উপজেলাগুলোতে ব্যালট বাক্স ও অন্যান্য নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। সেখান থেকে কেন্দ্রগুলোতে সরবরাহের কাজ ইতোমধ্যে শেষ পর্যায়ে।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকায় জেলার সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে।
বান্দরবান পুলিশ সুপার মো. আবদুর রহমান বলেন, নির্বাচন উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলায় প্রায় ১ হাজার ৩০০ পুলিশ সদস্য, ২ হাজার ৩০০ সেনাসদস্য, ২১ প্লাটুন বিজিবি ছাড়াও র্যাব ও আনসারের বিপুলসংখ্যক সদস্য মোতায়েন রয়েছে।
দুর্গম পাহাড়ি পথ ও নিরাপত্তা চ্যালেঞ্জ সত্ত্বেও প্রশাসন একটি শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের আশাবাদ ব্যক্ত করেছে। এখন ভোটের দিন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় রয়েছে বান্দরবানের মানুষ।


