Home শিরোনাম নির্বাচন ঘিরে পাহাড়ে কড়া প্রস্তুতি, দুর্গম কেন্দ্রে আকাশপথে সরঞ্জাম পরিবহন, ভোটারদের মনে উচ্ছ্বাসের পাশাপাশি আছে শংকাও!

নির্বাচন ঘিরে পাহাড়ে কড়া প্রস্তুতি, দুর্গম কেন্দ্রে আকাশপথে সরঞ্জাম পরিবহন, ভোটারদের মনে উচ্ছ্বাসের পাশাপাশি আছে শংকাও!

জুরাছড়ি, বিলাইছড়ি ও বাঘাইছড়ির দুর্গম এলাকাগুলোতে প্রয়োজনে সেনাবাহিনীর হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে। কাপ্তাই হ্রদবেষ্টিত কেন্দ্রগুলোতে সরঞ্জাম নিতে স্পিডবোট ও ইঞ্জিনচালিত নৌকার ব্যবস্থাও রাখা হয়েছে।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৮

Share

পার্বত্য অঞ্চলগুলোর ভৌগোলিক বৈশিষ্ট্য বিবেচনায় বিশেষ ব্যবস্থায় সরঞ্জাম পরিবহন করা হচ্ছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পার্বত্য তিন জেলা—রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। দুর্গম ও যোগাযোগব্যবস্থা সীমিত এমন ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দিতে হেলিকপ্টার ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি কেন্দ্রে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, ইতোমধ্যে দেশের ১৩ জেলায় নির্বাচনী সরঞ্জাম পাঠানো সম্পন্ন হয়েছে এবং বাকি জেলাগুলোতে পর্যায়ক্রমে পাঠানো হচ্ছে। পার্বত্য অঞ্চলগুলোর ভৌগোলিক বৈশিষ্ট্য বিবেচনায় বিশেষ ব্যবস্থায় সরঞ্জাম পরিবহন করা হচ্ছে।

রাঙামাটির ২১৩টি ভোটকেন্দ্রকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিশেষ করে জুরাছড়ি, বিলাইছড়ি ও বাঘাইছড়ির দুর্গম এলাকাগুলোতে প্রয়োজনে সেনাবাহিনীর হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে। কাপ্তাই হ্রদবেষ্টিত কেন্দ্রগুলোতে সরঞ্জাম নিতে স্পিডবোট ও ইঞ্জিনচালিত নৌকার ব্যবস্থাও রাখা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা নাজমা আশরাফী জানান, নির্বাচনকে ঘিরে দীর্ঘদিন ধরেই প্রস্তুতি চলছে এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বান্দরবানের ৭ উপজেলায় মোট ১৮৭টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে রোয়াংছড়ি, রুমা, থানচি ও আলীকদম উপজেলার ৫ ইউনিয়নের ১১টি কেন্দ্রে হেলিকপ্টারে সরঞ্জাম নেওয়া হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে ইতোমধ্যে সরঞ্জাম হস্তান্তর করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা শামীম আরা রিনি বলেন, দুর্গম এলাকায় নির্বিঘ্নে সরঞ্জাম পৌঁছাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন বাহিনীর পাশাপাশি ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

খাগড়াছড়ি জেলায় মোট ২০৩টি ভোটকেন্দ্রের মধ্যে তিনটি কেন্দ্রে হেলিকপ্টার ব্যবহারের পরিকল্পনা রয়েছে। দুর্গমতা ও যাতায়াতের সীমাবদ্ধতার কারণে এসব কেন্দ্রে আগেও এ পদ্ধতি অনুসরণ করা হয়েছে।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার সাদাত বলেন, যে কেন্দ্রে যে পরিবহন সুবিধা উপযোগী হবে, সে অনুযায়ী সরঞ্জাম পাঠানো হবে। প্রয়োজনে হেলিকপ্টার ব্যবহার করা হবে।

পাহাড়ি পথ ও প্রাকৃতিক প্রতিবন্ধকতা সত্ত্বেও তিন জেলায় শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রশাসনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

সর্বশেষ :

আরও পড়ুন: