শীতের এক রাত, ঘরে নিঃসঙ্গ বৃদ্ধা, আর মুহূর্তের মধ্যে ঘটে গেল নৃশংসতা। ৭০ বছর বয়সী রহিমা বেগমকে শনিবার রাতে তার নিজ বাড়িতেই গলাকেটে হত্যা করা হয়। ঘটনাটি বান্দরবানের আলীকদম উপজেলার ২ নম্বর চৈক্ষ্যং ইউনিয়নের পুরাতন শিবাতলী এলাকায়।
নিহত রহিমা বেগম স্থানীয় বাসিন্দা আবু তালেবের স্ত্রী ছিলেন। পরিবারের কাছে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরেই পক্ষাঘাতের কারণে শয্যাশায়ী ছিলেন।
পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে।
নিহতের ছেলে নুরুল আমিন বলেন, আমার মা ৭০ বছর বয়সী। তিনি বহু বছর ধরে প্যারালাইসিসে ভুগছিলেন। এই বয়সে তাকে এত নির্মমভাবে হত্যা করা হলো। আমরা চাই এই ঘটনার সুষ্ঠু বিচার হোক।
আলীকদম থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন শাহ জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে স্বামী ও সতীনকে ফাঁসানোর উদ্দেশ্যে মেজো ছেলের প্রথম স্ত্রী দা দিয়ে রহিমা বেগমকে হত্যা করেছে।
সন্দেহভাজন দুই পুত্রবধূসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।


