পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান এবং প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে ঢাকাস্থ ‘পার্বত্য চট্টগ্রাম সমিতি’ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। মঙ্গলবার সকালে সচিবালয়ে তাদের কার্যালয়ে ফুল দিয়ে এ শুভেচ্ছা জানানো হয়।
সমিতির নেতৃবৃন্দ পাহাড়ের শিক্ষা, সংস্কৃতি ও আর্থ-সামাজিক উন্নয়নে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন। তারা পার্বত্য অঞ্চলের টেকসই উন্নয়ন ও শান্তি রক্ষায় মন্ত্রণালয়ের ইতিবাচক পদক্ষেপে সমিতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম সমিতির সভাপতি এ এইচ এম ফারুক। এছাড়া উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা পরিষদের সদস্য ও খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মনির হোসেন, সিনিয়র সহ-সভাপতি মিতায়ন চাকমা, সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আলম এবং ব্যারিস্টার কাজী ইসতিয়াক হোসেন জিসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মন্ত্রী দীপেন দেওয়ান ও প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সমিতির নেতৃবৃন্দের ধন্যবাদ জানান। মন্ত্রী বলেন, “পার্বত্য চট্টগ্রামে কোনো বিভেদ বা ভেদাভেদ নেই। আমাদের লক্ষ্য একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা। পাহাড়ে বসবাসরত সকল জাতি-গোষ্ঠীর মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।”


