খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সেনাবাহিনীর অভিযানে কর্তন নিষিদ্ধ গোদা গাছের কাঠ জব্দ করা হয়েছে।
বেতছড়ি আর্মি চেকপোস্টে দুইটি চাঁন্দের গাড়িতে তল্লাশি চালিয়ে এসব কাঠ জব্দ করা হয়েছে বলে রোববার সকালে এক বিবৃতিতে জানিয়েছে সেনাবাহিনী।
বিবৃতিতে বলা হয়, বেতছড়ি সাবজোন কমান্ডের ক্যাপ্টেন মো. হাসনাইন আলভী নির্দেশনায় সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. কামাল হোসেনের নেতৃত্বে বেতছড়ি আর্মি চেকপোস্টে দুইটি চাঁন্দের গাড়িতে তল্লাশি চালানো হয়।
এ সময় ১৩৫ টুকরো গোদা কাঠ জব্দ করা হয়। জব্দ করা কাঠের পরিমাণ প্রায় ১৫০ দশমিক ৬৬ ঘনফুট, যার আনুমানিক বাজারমূল্য ছয় লাখ ২৬ হাজার ৪০০ টাকা।
প্রাথমিকভাবে জানা গেছে, কাঠগুলো বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা এলাকা থেকে অবৈধভাবে সংগ্রহ করা হয়েছিল। সেগুলো দীঘিনালা উপজেলার মেরুইউনিয়নের হাজাছড়া এলাকা হয়ে পাচারের উদ্দেশ্যে খাগড়াছড়ির দিকে নেওয়া হচ্ছিল।
অভিযান শেষে জব্দকৃত কাঠ মেরুং রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন মেরুং রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. নজরুল ইসলাম।
তিনি বলেন, “সেনাবাহিনীর উদ্ধার অভিযানে জব্দ কাঠ বন বিভাগের হেফাজতে রয়েছে। কাঠ পাচারে জড়িত থাকার অভিযোগে অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করা হচ্ছে।”
তিনি আরও বলেন, মূলত বন উজাড় ও অতিরিক্ত পরিমাণে কাঠ আহরণের ফলে গোদা গাছ নিজ আবাসে বিপন্ন হয়ে পড়েছে। বিপন্ন প্রজাতির হওয়ায় সরকার ২০১৭-১৮ সালের দিকে গাছটি কাটা নিষিদ্ধ করেছে।
এ গাছের কাঠ হলদে বাদামি বর্ণের, বেশ শক্ত, ভারী ও মজবুত। ঘরবাড়ির খুঁটি, বিম ও কৃষি সরঞ্জামাদি তৈরিতে মূলত ব্যবহার করা হয় বলেও জানান তিনি।


