Home বিশেষ প্রতিবেদন পার্বত্য অঞ্চলের উন্নয়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সরকারি সম্পদের সাশ্রয়ী ব্যবহারের ওপর জোর দিলেন মন্ত্রী দীপেন দেওয়ান

পার্বত্য অঞ্চলের উন্নয়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সরকারি সম্পদের সাশ্রয়ী ব্যবহারের ওপর জোর দিলেন মন্ত্রী দীপেন দেওয়ান

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেছেন, পার্বত্য অঞ্চলের উন্নয়ন কর্মকাণ্ডে বিভিন্ন সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় থাকা অপরিহার্য।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ১২:৩১

Share

রাজধানীর বেইলি রোডে অবস্থিত পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের সভা

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেছেন, পার্বত্য অঞ্চলের উন্নয়ন কর্মকাণ্ডে বিভিন্ন সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় থাকা অপরিহার্য। সঠিক সমন্বয় থাকলে কাজের অপচয় রোধ হয়, গুণগত মান নিশ্চিত হয় এবং সরাসরি সাধারণ মানুষের কল্যাণে আসে। তিনি স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সরকারি সম্পদের সাশ্রয়ী ব্যবহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন।

সোমবার (৯ মার্চ) রাজধানীর বেইলি রোডে অবস্থিত পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের জানুয়ারি ২০২৬ মাসের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, “রাস্তাঘাট বা অবকাঠামো নির্মাণে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), জেলা পরিষদ ও উন্নয়ন বোর্ড আলাদাভাবে কাজ করে। যদি কাজের মধ্যে সঠিক সমন্বয় না থাকে, তাহলে উন্নয়ন বাধাগ্রস্ত হয় এবং বরাদ্দকৃত অর্থ ফেরত যেতে পারে। প্রতিটি কাজে কৃচ্ছতা সাধন করতে হবে এবং সরকারি সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সকল সরকারি কাজের ক্ষেত্রে মিতব্যয়িতা ও সম্পদ সাশ্রয়ের আহ্বান দিয়েছেন। শিক্ষা, স্বাস্থ্য ও প্রকৌশল খাতের প্রকল্পগুলোর তদারকি যথাযথভাবে করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।”

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেন, “বর্তমান সরকারের প্রধান লক্ষ্য নির্বাচনী ইশতেহার অনুযায়ী ১৮০ দিনের কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা। কোনো কাজ ফেলে রাখা যাবে না; আজকের কাজ আজই শেষ করতে হবে। প্রয়োজনে আকস্মিক পরিদর্শনের মাধ্যমে প্রকল্পের মান যাচাই করা হবে।”

সভায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান। তিনি জানিয়ে দেন, জানুয়ারি ২০২৬ পর্যন্ত প্রকল্প ব্যয়ের অগ্রগতি ১৬.৯৪ শতাংশ, যা জাতীয় গড় অগ্রগতির ২১.১৮ শতাংশের চেয়ে কম। নির্বাচনের কারণে কিছুটা কাজের গতি ধীর হলেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুততরভাবে লক্ষ্যমাত্রা অর্জনে তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন।

সভায় আরও জানানো হয়, ২০২৫–২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) অনুযায়ী মন্ত্রণালয়ের অনুকূলে মোট ৮৭২ কোটি ৪০ লাখ ৭৯ হাজার টাকা বরাদ্দ রয়েছে। এর মধ্যে জানুয়ারি ২০২৬ পর্যন্ত ২৫৮ কোটি ৫৭ লাখ ২২ হাজার টাকা ছাড় করা হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন মন্ত্রণালয় ও এর আওতাধীন সংস্থাসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি কাজল তালুকদার, চেয়ারম্যান, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এবং শেফালিকা ত্রিপুরা, চেয়ারম্যান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।

সর্বশেষ :

আরও পড়ুন: