বান্দরবান শহরের মেঘলা এলাকায় পাহাড়ের প্রায় দেড়শ ফুট নিচ থেকে উদ্ধার হল এক মা ও তার ছোট মেয়ের মরদেহ। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে মেঘলা লালমোহন বাগান তঞ্চঙ্গ্যা পাড়ার দুর্গম এলাকা থেকে দেহ দু’টি উদ্ধার করে পুলিশ। ঘটনাকে ঘিরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য, তবে এটি আত্মহত্যা না খুন—তা এখনও স্পষ্ট নয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতরা হলেন রমেসিং মার্মা (৩০) এবং তার চার বছরের মেয়ে বৃষ্টি মার্মা। তাঁদের বাড়ি মেঘলার কানাপাড়া এলাকায়। বুধবার রাত থেকেই মা-মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে জানান পরিবারের সদস্যরা।
স্থানীয়দের কথায়, দীর্ঘ খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার দুপুরে পাহাড়ের চূড়া থেকে অনেকটা নিচে গহীন জঙ্গলের মধ্যে পড়ে থাকতে দেখা যায় তাঁদের। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় দেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাহাড়ের ওপর থেকে পড়ে মৃত্যু হতে পারে মা-মেয়ের। তবে ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এলাকায় ক্ষোভও দানা বাঁধছে—ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন বাসিন্দারা।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সার্কেল মান্না দে বলেন, “মেঘলা এলাকা থেকে মা-মেয়ের দেহ উদ্ধার হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট এলে বিষয়টি স্পষ্ট হবে।”


