টানা ছুটি, পাহাড়ে পর্যটকের ঢল—কিন্তু সেই আনন্দযাত্রায় হঠাৎই বাধা হয়ে দাঁড়াল জ্বালানি সংকট। বান্দরবানের একাধিক তেল পাম্পে সরবরাহ সীমিত হয়ে যাওয়ায় বিপাকে পড়েন দূরদূরান্ত থেকে আসা পর্যটকরা। কেউ ফিরতে পারছেন না, কেউ আবার মাঝপথে আটকে।
এই পরিস্থিতিতে শুক্রবার সকালে শহরের একটি বন্ধ তেল পাম্পে গিয়ে সরাসরি হস্তক্ষেপ করেন সংসদ সদস্য সাচিং প্রু জেরী। পাম্প খুলিয়ে নিজে উপস্থিত থেকে পর্যটকদের তেল সরবরাহ নিশ্চিত করেন তিনি। কয়েক ঘণ্টার এই উদ্যোগে প্রায় দুই শতাধিক পর্যটকবাহী গাড়ি ও মোটরবাইক জ্বালানি পায়।
পর্যটননির্ভর এই অঞ্চলে এমন পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার কথায়, “বান্দরবানের অর্থনীতির বড় একটি অংশই পর্যটনের ওপর নির্ভরশীল। পর্যটকরা যদি এখানে এসে ভোগান্তিতে পড়েন, তাহলে ভবিষ্যতে তারা আর আসতে চাইবেন না। তাই তাদের সেবা নিশ্চিত করা জরুরি।”
তিনি আরও জানান, সরকারের পক্ষ থেকে কোনো জ্বালানি সংকটের ঘোষণা নেই। বরং কিছু অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরি করে পরিস্থিতিকে জটিল করে তুলছে। এ বিষয়ে নজরদারি জোরদার করা হচ্ছে বলেও জানান তিনি।
গত কয়েকদিন ধরে জেলার বিভিন্ন পাম্পে সীমিত পরিসরে তেল সরবরাহ করা হচ্ছিল। ফলে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকেই প্রয়োজনীয় জ্বালানি পাচ্ছিলেন না। তার ওপর ছুটির ভিড়ে পর্যটকের সংখ্যা বেড়ে যাওয়ায় সংকট আরও প্রকট হয়। অভিযোগ উঠেছে, অনেক পাম্প মালিক অল্প তেল সরবরাহ করে আগেভাগেই পাম্প বন্ধ করে দিচ্ছেন।


