Home রাঙামাটি চাহিদা ৭০ হাজার টন, সরবরাহ কয়েক হাজার—সুযোগ হারাচ্ছে কাপ্তাই পেপার মিল

চাহিদা ৭০ হাজার টন, সরবরাহ কয়েক হাজার—সুযোগ হারাচ্ছে কাপ্তাই পেপার মিল

দেশের শিক্ষা খাতেই বছরে বিশাল পরিমাণ কাগজের প্রয়োজন। শুধু জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড-এর চাহিদাই প্রায় ৭০ হাজার টন।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ১২:৪৮

Share

দেশের শিক্ষা খাতেই বছরে বিশাল পরিমাণ কাগজের প্রয়োজন। শুধু জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড-এর চাহিদাই প্রায় ৭০ হাজার টন। এর বাইরে রয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়, শিক্ষা বোর্ড ও বিভিন্ন সরকারি দপ্তরের নিয়মিত প্রয়োজন। অর্থাৎ বাজার নিশ্চিত, ক্রেতা নিশ্চিত। কিন্তু এই সুযোগ ধরতে পারছে না কাপ্তাই পেপার মিল।

পার্বত্য রাঙ্গামাটি-এর কাপ্তাইয়ে অবস্থিত এই মিলটির উৎপাদন সক্ষমতা বছরে ৩০ হাজার টন। অথচ বাস্তবে উৎপাদন নামিয়ে আনতে হয়েছে কয়েক হাজার টনে। ফলে বাজারে বড় অংশই চলে যাচ্ছে বিকল্প উৎসের হাতে।

সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে দ্রুত সময়ের মধ্যে প্রায় এক হাজার টন কাগজ সরবরাহ করে সক্ষমতার একটি ঝলক দেখিয়েছিল মিলটি। সেই ধারাবাহিকতায় আরও চাহিদা এলেও তা ধরে রাখা যায়নি। উৎপাদন সীমিত থাকায় বড় অর্ডার নেওয়ার ঝুঁকিতেই যেতে চায় না কর্তৃপক্ষ।

সংশ্লিষ্টরা বলছেন, চাহিদা থাকা সত্ত্বেও সরবরাহ না করতে পারা মানে বাজার প্রতিযোগিতায় পিছিয়ে পড়া, এমনকি দীর্ঘমেয়াদে বাজার হারানো।

এ প্রসঙ্গে কেপিএমের মহাব্যবস্থাপক (উৎপাদন) মো. মইদুল ইসলাম বলেন, “রাষ্ট্রায়ত্ত বিভিন্ন প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী কাগজ সরবরাহের সুযোগ তৈরি হলে বিদ্যমান অবকাঠামো দিয়েই মিলটি ভালোভাবে চালানো সম্ভব। কিন্তু নিয়মিত কাঁচামাল সরবরাহ না থাকায় সারা বছর উৎপাদন চালু রাখা যায় না।”

তিনি জানান, বর্তমানে মাসে মাত্র ১০-১২ দিন উৎপাদন চালু রাখা সম্ভব হয়। ফলে পরিকল্পিত উৎপাদন কিংবা বড় অর্ডার নেওয়া কঠিন হয়ে পড়ে।

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন-এর অধীন এই প্রতিষ্ঠানে অনুমোদিত জনবল ২ হাজারের বেশি হলেও কর্মরত আছেন মাত্র কয়েকশ। ফলে উৎপাদন পরিকল্পনা কখনোই ধারাবাহিক হয় না। একই সঙ্গে কাঁচামাল সরবরাহও অনিয়মিত—যার প্রভাব পড়ে সরাসরি উৎপাদনে।

ফলে পরিস্থিতি দাঁড়িয়েছে এমন—মিল চালু থাকে আংশিক, উৎপাদন হয় সীমিত, আর বাজারে জায়গা দখল করে নেয় বেসরকারি বা আমদানিনির্ভর কাগজ।

একসময় এই মিলই ছিল দেশের কাগজ শিল্পের প্রধান ভরসা। এমনকি স্বাধীনতার আগেও দুই অঞ্চলের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত উৎপাদনের নজির রয়েছে। এখন সেই মিলই নিজেদের সক্ষমতার অর্ধেকও কাজে লাগাতে পারছে না।

সর্বশেষ :

আরও পড়ুন: