কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিতে বিপাকে পড়লেন খাগড়াছড়ির দীঘিনালার পাহাড়ি পথের যাত্রীরা। মঙ্গলবার বিকেলে আচমকা ঝড়-বৃষ্টিতে নির্মাণাধীন সড়কের ভৈরফা অটল টিলা এলাকায় কাদা জমে পিচ্ছিল ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে রাস্তা। মাঝপথে আটকে যায় কয়েকটি যানবাহন। কোথাও যাওয়ার উপায় নেই, বৃষ্টিও থামছে না—এমন পরিস্থিতিতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।
পাহাড়ি এলাকায় বর্ষা বা ঝড়ের পর সড়কে কাদা জমা নতুন কিছু নয়। তবে দীঘিনালার এই সড়কটি এখনো নির্মাণাধীন থাকায় পরিস্থিতি আরও জটিল আকার নেয়। বৃষ্টির পানিতে কাদা মিশে সড়কের বেশ কিছু অংশ কার্যত চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। আটকে পড়া যানবাহনের যাত্রীরা উদ্বিগ্ন হয়ে পড়েন, কখন পরিস্থিতি স্বাভাবিক হবে তার কোনো নিশ্চয়তা ছিল না।
খবর পেয়ে দ্রুত সাড়া দেয় সেনাবাহিনী। দীঘিনালা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল আমিনের নির্দেশনায় একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রতিকূল আবহাওয়া ও পিচ্ছিল পথ উপেক্ষা করে সেনাসদস্যরা একে একে আটকে পড়া যানবাহন সরিয়ে দেন। যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা হয়। সেনাবাহিনীর তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।


