বেতনের চেক ঘষামাজা করে ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বান্দরবান জোন তুলা উন্নয়ন বোর্ডের ইউনিট অফিসার উটিংওয়াং মার্মাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করে ১০ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
অভিযোগ অনুযায়ী, উটিংওয়াং মার্মা গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীদের মাসিক বেতন বিলের বিপরীতে চেক জাল করে অতিরিক্ত অর্থ তুলে নেন। তদন্তে জানা যায়, আত্মসাৎ করা এই বিপুল অর্থ তাঁর বাসায় পাওয়া যায়। পরে তিনি অপরাধ স্বীকার করে জবানবন্দি দেন এবং টাকা প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তার ডিডিও হিসাবে জমা রাখা হয়।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ গত ৪ মার্চ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ এর বিধি ১২(১) অনুযায়ী তাঁকে বরখাস্ত করে। পরে ১৬ মার্চ তুলা উন্নয়ন বোর্ড থেকে বিভাগীয় মামলা রুজুর বিষয়টি জানিয়ে চিঠি পাঠানো হয়।
জেলা তুলা উন্নয়ন বোর্ডের প্রধান মো. আলমগীর হোসেন মৃধা বলেন, প্রাথমিক তদন্তে জালিয়াতি প্রমাণিত হওয়ায় তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।


