Home রাঙামাটি পাম্পে পাম্পে ঘুরেও মিলছে না ডিজেল, মাঠেই নষ্ট হচ্ছে রাঙামাটির কৃষকের ফসল

পাম্পে পাম্পে ঘুরেও মিলছে না ডিজেল, মাঠেই নষ্ট হচ্ছে রাঙামাটির কৃষকের ফসল

রাঙামাটিতে তীব্র জ্বালানি সংকটে বিপাকে পড়েছেন কৃষক ও ব্যবসায়ীরা। ডিজেল ও অকটেনের অভাবে কাপ্তাই হ্রদের ইঞ্জিনচালিত নৌকা বন্ধ হয়ে গেছে। সড়কপথেও পরিবহন সীমিত হয়ে পড়েছে। ফলে দুর্গম পাহাড়ি এলাকা থেকে সবজি, আনারস, তরমুজ ও কলা শহরে আনা যাচ্ছে না। খেতেই নষ্ট হয়ে যাচ্ছে কৃষকের উৎপাদিত ফসল।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ৪ এপ্রিল ২০২৬, ১২:০৫

Share

রাঙামাটিতে তীব্র জ্বালানি সংকটে বিপাকে পড়েছেন কৃষক ও ব্যবসায়ীরা। ডিজেল ও অকটেনের অভাবে কাপ্তাই হ্রদের ইঞ্জিনচালিত নৌকা বন্ধ হয়ে গেছে। সড়কপথেও পরিবহন সীমিত হয়ে পড়েছে। ফলে দুর্গম পাহাড়ি এলাকা থেকে সবজি, আনারস, তরমুজ ও কলা শহরে আনা যাচ্ছে না। খেতেই নষ্ট হয়ে যাচ্ছে কৃষকের উৎপাদিত ফসল।

রাঙামাটি সদরের বন্দুকভাঙা এলাকার কৃষক সঞ্জয় চাকমা বলেন, ‘পানির অভাবে ধানের জমি ফেটে চৌচির হয়ে গেছে। সবেমাত্র থোর আসতে শুরু করেছে। পানি দিতে না পারলে সর্বনাশ হয়ে যাবে। কিন্তু ডিজেল পাচ্ছি না।’

বরকল উপজেলা থেকে সবজি নিয়ে আসা কৃষক সোহেল চাকমা জানান, অতিরিক্ত পরিবহন ভাড়ায় সবজি এনেও লোকসান গুনতে হচ্ছে। তাই খেতেই সবজি নষ্ট হয়ে যাচ্ছে।

শুক্রবার রাঙামাটি শহরের বনরুপা কাঁচাবাজারে গিয়ে দেখা যায়, সবজির সরবরাহ কমে গেছে। ব্যবসায়ীরা জানান, চড়া দামেও পর্যাপ্ত সবজি মিলছে না। জেলার সদর, নানিয়ারচর, বাঘাইছড়ি, লংগদু, বরকল, বিলাইছড়ি ও জুরাছড়ি উপজেলার কৃষকেরা সময়মতো পণ্য বাজারে পাঠাতে না পেরে বিপাকে পড়েছেন।

জ্বালানি সংকটের প্রভাব পড়েছে বোরো আবাদেও। সেচ দিতে না পারায় ধানের জমি ক্ষতির মুখে পড়ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাঙামাটির উপপরিচালক মো. মনিরুজ্জামান বলেন, ‘জ্বালানি সংকটে সেচ কাজে সমস্যা হচ্ছে। এভাবে চলতে থাকলে বোরো আবাদের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে শঙ্কা তৈরি হতে পারে। সঠিক কৃষক যাতে ডিজেল পান, সে বিষয়ে আমরা কাজ করছি।’

পরিস্থিতি নিয়ন্ত্রণে ফিলিং স্টেশনগুলোতে ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছে প্রশাসন। কাগজের সত্যতা যাচাই করে তেল দেওয়া হচ্ছে। তবে মাঠপর্যায়ে এর সুফল এখনো পৌঁছায়নি বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। তাঁরা বলছেন, দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হলে সবজি বাণিজ্যের সঙ্গে জড়িত অসংখ্য মানুষ বড় আর্থিক ক্ষতির মুখে পড়বেন।

সর্বশেষ :

আরও পড়ুন: