বিয়ের প্রলোভনে হেনস্তা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টাসহ প্রতারণা করে ১৩ লাখ অর্থ আত্মসাতের মামলায় ‘সা রে গা মা পা’ খ্যাত গায়ক মাইনুল আহসান নোবেলের জামিন মঞ্জুর করেছেন আদালত।
রবিবার (৫ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পাঁচ হাজার টাকার মুচলেকায় তাকে জামিন দেন। আসামি পক্ষের আইনজীবী মো. ইমরান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ২ এপ্রিল নোবেলের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
জামিন বাতিলের পর বাদীপক্ষের আইনজীবী নাসিদুস জামান নিশান (প্রিন্স) জানান, বাদীর সঙ্গে বিয়ে শর্তে আসামি জামিনপ্রাপ্ত হয়েছিলেন। কিন্ত জামিনে গিয়ে আসামি বিয়ে না করে শর্ত ভঙ্গ করেছেন। বাদীকে তার টাকাও ফেরত দেয়নি। এজন্য আমরা তার জামিন বাতিলের প্রার্থনা করি।
শুনানি শেষে আদালত তার জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২৩ ফেব্রুয়ারি দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে আদালতে হাজির করা হয়।
ওইদিন আপসের শর্তে জামিন চাইলে আদালত ধার্য তারিখ পর্যন্ত নোবেলকে জামিন দেন।
গত বছরের ১৩ আগস্ট নোবেল, তার মা নাজমা হোসেন, স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, নোবেলের পরিচিত ছোট ভাই মাসুদ রানা এবং তার অ্যাসিস্ট্যান্ট মুনেম শাহ সৌমিকের বিরুদ্ধে মামলা করেন এক তরুণী। আদালত মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।
অভিযোগের সত্যতা পাওয়া গেছে মর্মে ৭ জানুয়ারি পিবিআইয়ের উপ-পরিদর্শক নুরুজ্জামান পাঁচজনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন। ২ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মামলার অভিযোগে বলা হয়, নোবেল বাদীকে প্রেমের ফাঁদে ফেলে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে ২০২৩ সালের ২৫ অগস্ট থেকে গত বছরের জুন মাস পর্যন্ত বিভিন্ন সময় ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ অর্থ প্রতারণা করে নিয়ে আত্মসাৎ করে।
বাদীকে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টা করেন। আর এতে অপর আসামিরা তাকে সহযোগিতা করে।


