রাতের রান্না চলছিল। হঠাৎই বিপত্তি। রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুন ধরে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ল চারদিকে। পুড়ে ছাই হয়ে গেল চারটি বসতঘর।
সোমবার রাত সাড়ে নটার দিকে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার চাইমং ছড়া এলাকায় এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিনিময় তঞ্চগ্যার বাড়ির রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত। নিমেষে সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের ঘরগুলোতে। দুটি বাঁশ ও কাঠের কাঁচা ঘর এবং দুটি সেমিপাকা ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
খবর পেয়ে রোয়াংছড়ি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে।
রোয়াংছড়ি ফায়ার সার্ভিসের ইনচার্জ ইফতেখার উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার থেকেই আগুন লেগেছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।


