চট্টগ্রামের লোহাগাড়ায় পিকআপের ধাক্কায় তাহেরা বেগম (৭৪) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার রাত ৯টার দিকে উপজেলা পরিষদের দক্ষিণ পাশে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাহেরা বেগম কক্সবাজারের চকরিয়ার পূর্ব বেউলা এলাকার বাসিন্দা আলী আহমদের স্ত্রী। তিনি লোহাগাড়া পোস্ট অফিসসংলগ্ন তার ছেলের ভাড়া বাসায় থাকতেন। পরিবার জানায়, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
স্থানীয়রা বলেন, সড়কে ধাক্কা লাগার পর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ এসে মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
নিহতের ছেলে নুরুল হাকিম জানান, দুপুরে বাসা থেকে বের হওয়ার পর মাকে পাওয়া যাচ্ছিল না। পরে হাসপাতাল থেকে তার মৃত্যুসংবাদ পান।
লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার এসআই জাহেদ হোসেন বলেন, কক্সবাজারমুখী একটি পিকআপের ধাক্কায় নারীটি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।


