পিতলের কাসা আর ঘণ্টা — মন্দিরের এই পবিত্র সামগ্রীই টার্গেট ছিল তার। খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালা এলাকায় একটি মন্দিরে চুরি সেরে আরেকটিতে হাত দিতে গিয়ে শেষ পর্যন্ত সিসিটিভির ফুটেজে ধরা পড়ে গেলেন লিটন দাস (৩৬)। শুক্রবার সকালে তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, ৮ এপ্রিল সকালে সিঙ্গিনালার শ্রী শ্রী হরি মন্দির থেকে একটি পিতলের বড় কাসা ও দুটি ঘণ্টা চুরি হয়। একই ব্যক্তি এরপর পাশের শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম মন্দিরেও চুরির চেষ্টা চালায়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্ত করা হয় এবং অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন তিনি।
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের বাসিন্দা লিটন দাস নতুন মুখ নন। পুলিশের তথ্য বলছে, খাগড়াছড়ি সদরসহ বিভিন্ন এলাকায় উপাসনালয়ে চুরির একাধিক ঘটনায় তার নাম জড়িত। গুইমারা থানার থানারুং বৌদ্ধ বিহারেও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং বিভিন্ন থানায় তার একাধিক মামলা আছে।
খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায় কিসলু জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং আসামিকে আদালতে পাঠানো হয়েছে।


