Home খাগড়াছড়ি পানছড়িতে ১,৪০০ রাউন্ড গোলাবারুদ জব্দ, ক্যাম্পে নেওয়ার পথে টহলদলকে ঘেরাওয়ের চেষ্টা করল শতাধিক সন্ত্রাসী

পানছড়িতে ১,৪০০ রাউন্ড গোলাবারুদ জব্দ, ক্যাম্পে নেওয়ার পথে টহলদলকে ঘেরাওয়ের চেষ্টা করল শতাধিক সন্ত্রাসী

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০২:২৫

Share

গোপন সংবাদ ছিল হাতে। সেই মতো ফাঁদ পাতা হয়েছিল খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম বৌদ্ধমনিপাড়া কাঁঠালতলী এলাকায়। শুক্রবার বিকেলে সীমান্ত সড়ক দিয়ে দুটি মোটরসাইকেলে আসছিল চার সন্দেহভাজন। বিজিবির উপস্থিতি টের পেতেই মোটরসাইকেল ফেলে পাহাড়ে পালিয়ে গেল তারা। পেছনে পড়ে রইল ১ হাজার ৪০০ রাউন্ড গোলাবারুদ।

বৌদ্ধমনিপাড়া বিওপির নায়েব সুবেদার মো. শাহ আলমের নেতৃত্বে টহলদল আগে থেকেই অবস্থান নিয়েছিল। বিকেল চারটার দিকে সন্দেহভাজনদের চ্যালেঞ্জ করতেই শুরু হয় পলায়ন। পরে ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় গোলাবারুদ জব্দ করা হয়।

কিন্তু বিপদ সেখানেই শেষ হয়নি। উদ্ধার করা গোলাবারুদ বিওপিতে নিয়ে যাওয়ার পথে ১০০ থেকে ১১০ জন সন্ত্রাসী বিজিবির টহলদলকে ঘেরাও করার চেষ্টা করে। খবর পেয়ে পানছড়ি ব্যাটালিয়ন সদর থেকে ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এস. এম. ইমরুল কায়েসের নেতৃত্বে অতিরিক্ত দুটি টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বাড়তি বাহিনীর উপস্থিতি টের পেয়ে সরে পড়ে সন্ত্রাসীরা।

শনিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে পানছড়ি ব্যাটালিয়নের (৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রবিউল ইসলাম জানান, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। গোয়েন্দা তৎপরতা জোরদার এবং নিয়মিত টহলের মাধ্যমে এ ধরনের অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ :

আরও পড়ুন: