Home চট্টগ্রাম পরীক্ষার জন্য বিজুতেও বাড়ি যাননি, পড়ার টেবিলেই নিভল চবি শিক্ষার্থীর জীবনপ্রদীপ

পরীক্ষার জন্য বিজুতেও বাড়ি যাননি, পড়ার টেবিলেই নিভল চবি শিক্ষার্থীর জীবনপ্রদীপ

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০১:০৯

Share

উৎসবের দিনে পাহাড়ে বাড়ি ফেরার কথা মাথায় আসেনি। সামনে পরীক্ষা, পড়তে হবে। তাই বিজুর আনন্দ থেকে দূরে সরে হলেই থেকে গিয়েছিলেন জীবক চাকমা। রবিবার সকালে পড়ার টেবিলে বসে হঠাৎ ঢলে পড়লেন। সহপাঠীরা ছুটলেন, হাসপাতালে নিয়ে গেলেন — তবু ফেরানো গেল না। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সকাল ৯টা ২০ মিনিটে মৃত ঘোষণা করা হল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের এই শিক্ষার্থীকে। বয়স মাত্র ২০।

জীবক চাকমার বাড়ি রাঙামাটির নানিয়ারচর উপজেলার রামহরি পাড়ায়। বাবার নাম রবিলেন্দু চাকমা। বিশ্ববিদ্যালয়ের বিশ্বশান্তি প্যাগোডার হোস্টেলে থাকতেন। আগামী মঙ্গলবার থেকে তাঁর প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। সেই পরীক্ষার প্রস্তুতি নিতেই বিজুতে বাড়ি যাননি। কিন্তু পরীক্ষা আর দেওয়া হলো না তাঁর।

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অন্বেষ চাকমা বলেন, ‘সকালে পড়ার টেবিলে বসে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জীবক। দ্রুত বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তাঁকে মৃত ঘোষণা করা হয়।’

বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের প্রধান চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ আবু তৈয়ব জানান, সকাল ৭টা ৪৫ মিনিটে জীবককে চিকিৎসাকেন্দ্রে আনা হয়। শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। তাৎক্ষণিকভাবে রোগ নির্ণয় সম্ভব না হওয়ায় অক্সিজেন দিয়ে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আবদুল্লাহ হোসেন বলেন, জরুরি বিভাগে নেওয়ার পর সকাল ৯টা ২০ মিনিটে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকে তাঁর মৃত্যু হয়েছে।

সর্বশেষ :

আরও পড়ুন: