বান্দরবান শহরের বালাঘাটা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক প্রতিবন্ধী নারী পুড়ে মারা গেছেন। রোববার দুপুর দেড়টার দিকে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত নারীর নাম হ্লানু চিং মার্মা (৪৫)। তিনি মেদো মার্মার মেয়ে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, দুপুরের দিকে হঠাৎ বসতঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। সে সময় শারীরিক প্রতিবন্ধী ওই নারী ঘরের ভেতরেই ছিলেন। স্থানীয়রা আগুন দেখে ফায়ার সার্ভিসে খবর দিলে দ্রুত দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ঘরের ভেতর থেকে ওই নারীর দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়।
আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের ধারণা, প্রতিবন্ধী ওই নারী নিজেই ঘরে আগুন ধরিয়ে দেন এবং পরে বের হতে পারেননি।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান আনসারী বলেন, ‘খবর পেয়ে আমাদের দল সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায়। আগুন নেভানোর পর ঘরের ভেতর একটি দগ্ধ মরদেহ পাওয়া যায়। তদন্ত শেষে আগুন লাগার কারণ জানা যাবে।’


