Home বান্দরবান বর্ণিল র‍্যালিতে বান্দরবানে সাংগ্রাইং উৎসবের সূচনা

বর্ণিল র‍্যালিতে বান্দরবানে সাংগ্রাইং উৎসবের সূচনা

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ১১:৩০

Share

বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বান্দরবানে শুরু হয়েছে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব সাংগ্রাইং। সোমবার সকালে ঐতিহাসিক রাজার মাঠ থেকে বান্দরবান সাংগ্রাইং উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে র‍্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।

সকাল থেকেই জেলায় বসবাসরত ১১টি জাতিগোষ্ঠী ও বাঙালি জনগোষ্ঠীর মানুষ নিজ নিজ ঐতিহ্যবাহী পোশাকে রাজার মাঠে জড়ো হন। ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের সুরে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

মানবাধিকারকর্মী ও নারী নেত্রী ডনাই প্রু নেলী বলেন, সব বাধা-বিঘ্ন অতিক্রম করে এবার সাংগ্রাইং উৎসব উদযাপিত হচ্ছে। তিনি জানান, বান্দরবানে ১২টি সম্প্রদায়ের মানুষ মিলেমিশে এ উৎসবে অংশ নিচ্ছেন।

সাংগ্রাইং উৎসব উদযাপন পরিষদের সভাপতি চথুই প্রু মারমা জানান, র‍্যালির পর বয়স্ক পূজা অনুষ্ঠিত হয়।
আগামী ১৪ এপ্রিল সাঙ্গু নদীতে বুদ্ধ বিম্ব স্নান এবং ১৫ ও ১৬ এপ্রিল ঐতিহাসিক রাজার মাঠে মৈতা রিলং পোয়েঃ বা মৈত্রী পানি বর্ষণ অনুষ্ঠিত হবে। এ ছাড়া প্রতিদিন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসবসহ নানা আয়োজন।

বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরীর নেতৃত্বে র‍্যালিতে অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেবসহ প্রশাসনের কর্মকর্তারা ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

সর্বশেষ :

আরও পড়ুন: