রাঙামাটির জুরাছড়িতে কাপ্তাই হ্রদে নৌকাডুবির ঘটনায় একজন অন্তঃসত্ত্বা নারীসহ ১১ জনকে উদ্ধার করেছে সেনাবাহিনী। বুধবার রাতের এই দুর্ঘটনায় কেউ হতাহত হননি।
বুধবার রাত ৮টার দিকে উপজেলার কারবারিপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় ত্রিপুরা সম্প্রদায়ের নারী, শিশু ও পুরুষসহ ১১ জন নৌকায় যাত্রা করছিলেন। পথে হঠাৎ যান্ত্রিক ত্রুটিতে নৌকাটি ভারসাম্য হারিয়ে হ্রদে ডুবে যায়।
খবর পেয়ে রাজমনিপাড়া আর্মি ক্যাম্প থেকে সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সবাইকে নিরাপদে উদ্ধার করে।
উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী অসুস্থ হয়ে পড়লে তাঁকে রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। শিশুসহ বাকিদের প্রাথমিক পর্যবেক্ষণ শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
এই মানবিক সহায়তার জন্য সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ত্রিপুরা সম্প্রদায়ের নেতারা ও স্থানীয় বাসিন্দারা।


