পার্বত্য চট্টগ্রামে ফের রক্ত ঝরল। রাঙামাটি জেলা সদরের কুতুকছড়ি আবাসিক এলাকায় শুক্রবার ভোরে নিজের বাড়িতেই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারালেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ধর্মিশিং চাকমা। একই ঘটনায় গুরুতর জখম হয়েছেন তাঁর দুই বোন কৃপাসোনা চাকমা ও ভাগ্যসোনা চাকমা।
স্থানীয় সূত্রের খবর, ভোর ছ’টা নাগাদ সন্তু লারমার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সশস্ত্র সদস্যরা ধর্মিশিংয়ের বাড়িতে ঢুকে এলোপাথাড়ি গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। আহত দুই বোনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম উদ্দিন বলেন, ”ঘটনার খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।”
এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ইতিমধ্যে ফুঁসে উঠেছেন গণতান্ত্রিক যুব ফোরামের নেতা-কর্মীরা। কুতুকছড়িতে সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন তাঁরা। পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ।
পার্বত্য অঞ্চলে ইউপিডিএফ ও পিসিজেএসএসের মধ্যে দীর্ঘদিনের আধিপত্যের দ্বন্দ্বে এর আগেও একাধিকবার রক্তপাতের ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে কোনো পক্ষের আনুষ্ঠানিক বিবৃতি এখনও পাওয়া যায়নি।


