বেড়ানোর আনন্দ মাটি হয়ে গেল মুহূর্তেই। রবিবার সকালে বান্দরবানের শৈলপ্রপাত এলাকায় মোড় নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পর্যটকবাহী নোয়াহ গাড়ি। আহত হলেন ৯ জন, যাদের মধ্যে দুজনকে গুরুতর অবস্থায় পাঠাতে হয়েছে চট্টগ্রামে।
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে ১৭ জনের একটি দল দুটি গাড়িতে বান্দরবান বেড়াতে এসেছিলেন। কয়েকটি পর্যটনকেন্দ্র ঘুরে ফেরার পথেই ঘটে বিপত্তি। চিম্বুক সড়কের শৈলপ্রপাত এলাকায় মোড় ঘোরার সময় পেছনের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। গাড়িতে থাকা ১০ জনের মধ্যে ৯ জনই আহত হন।
দলের সদস্য মুজিবুর রহমান মানিক জানান, আহতদের দ্রুত বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হয়। পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


