ভারতের দিল্লির একটি হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আফগানিস্তান ক্রিকেটের উত্থানের অন্যতম কারিগর ও সাবেক গতি তারকা শাপুর জাদরান। ৩৮ বছর বয়সী এই বাঁ-হাতি পেসার হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস নামক একটি বিরল এবং প্রাণঘাতী রোগ এবং আরও কিছু শারীরিক জটিলতায় ভুগছেন।
চলতি বছরের জানুয়ারিতে চিকিৎসার জন্য তাকে ভারতে আনা হয়েছিল। প্রাথমিকভাবে তার রক্তে শ্বেতকণিকার পরিমাণ আশঙ্কাজনকভাবে কমে যায় এবং আগে হওয়া একটি মেরুদণ্ডের অস্ত্রোপচারের পরবর্তী জটিলতা দেখা দেয়। সম্প্রতি করা বোন ম্যারো টেস্টে তার শরীরে এইচএলএইচ ধরা পড়ে। যা শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গকে ক্ষতিগ্রস্ত করছে। এছাড়া যক্ষ্মা এবং ডেঙ্গুর সংক্রমণের কারণে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বর্তমানে অত্যন্ত দুর্বল।
শাপুরের এই সংকটাপন্ন অবস্থার খবর ছড়িয়ে পড়লে ক্রিকেট বিশ্বজুড়েই শোকের ছায়া নেমেছে। পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি তার পরিবারের সাথে কথা বলে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘তুমি মাঠের একজন লড়াকু যোদ্ধা ছিলে, আমি জানি এই লড়াইয়েও তুমি জিতবে।’
এছাড়া রশিদ খান, মোহাম্মদ নবী এবং উমর আকমলসহ অনেক তারকা ক্রিকেটার তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।


