Home রাঙামাটি কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধ, ২৪ এপ্রিল মধ্যরাত থেকেই নামছে তালা

কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধ, ২৪ এপ্রিল মধ্যরাত থেকেই নামছে তালা

মাছের বংশ বাঁচাতে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা। জাল ফেললেই আইনি ব্যবস্থা, হ্রদে টহলে ভ্রাম্যমাণ আদালত।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ১২:০৫

Share

কাপ্তাই হ্রদে এ বার মাছ ধরা যাবে না। রাঙ্গামাটি জেলা প্রশাসন জানিয়ে দিয়েছে, ২৪ এপ্রিল দিবাগত রাত ১২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হ্রদে সব ধরনের মৎস্য আহরণ, পরিবহন ও বাজারজাত সম্পূর্ণ বন্ধ। নিষেধাজ্ঞা অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থার মুখে পড়তে হবে।

সোমবার রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। উদ্দেশ্য একটাই — কাপ্তাই হ্রদের মাছের নিরাপদ প্রজনন, বংশবৃদ্ধি ও স্বাভাবিক বিকাশ নিশ্চিত করা।

জাল-নৌকা থামলেই বাঁচবে হ্রদ
প্রশাসনের তরফে জানানো হয়েছে, নিষেধাজ্ঞার বিষয়টি সর্বত্র পৌঁছে দিতে নৌ ও সড়কপথে বিশেষ মার্কিং করা হবে। পাশাপাশি অবৈধ মাছ ধরা ঠেকাতে হ্রদে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে নিরবচ্ছিন্নভাবে।

সভায় উপস্থিত ছিলেন মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ইশতিয়াক হায়দার, বিএফডিসির কমান্ডার মো. ফয়েজ আল করিম, নৌপুলিশের সহকারী সুপার আবু মো. দিলওয়ার হাসান ইনাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দীন চৌধুরী, জেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান-সহ জেলে ও মৎস্যজীবী প্রতিনিধিরা।

দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ কৃত্রিম হ্রদ কাপ্তাইয়ে প্রতি বছর প্রজনন মৌসুমে এই ধরনের নিষেধাজ্ঞা জারি হয়। তবে তা কতটা মানা হয়, সেটাই এখন দেখার।

সর্বশেষ :

আরও পড়ুন: