খাগড়াছড়িতে অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে তিন শ্রমিককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের রোয়াসাইপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে পাহাড় কাটায় ব্যবহৃত একটি ট্রাক্টর।
জানা গেছে, খাগড়াছড়ি সদর জোনের আওতাধীন জিরো মাইল আর্মি ক্যাম্পের একটি টহল দল নিয়মিত টহলের সময় কয়েকজনকে অবৈধভাবে মাটি উত্তোলন করতে দেখে। তাদের হাতেনাতে আটক করে প্রশাসনকে জানানো হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আহম্মদ।
ইউএনও ফারিয়া সুলতানা জানান, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী তিন শ্রমিককে এই দণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি পাহাড়ের মালিকের বিরুদ্ধেও পরিবেশ আইনে মামলা করা হবে বলে তিনি জানান।


