রাঙামাটির জুরাছড়ি উপজেলায় অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২২ এপ্রিল) সকালে উপজেলা পরিষদের নবনির্মিত কমপ্লেক্স ভবনের পশ্চিম পাশে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সঞ্জিতা চাকমার বসতঘরের মাটির চুলা থেকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনী ও পুলিশ। উপস্থিত সকলের সম্মিলিত প্রচেষ্টায় ঘণ্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। দুর্ঘটনায় কেউ হতাহত হননি।
ক্ষতিগ্রস্ত সঞ্জিতা চাকমা জানান, অগ্নিকাণ্ডে তাঁর আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজীদ-বিন-আখন্দ জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে সঞ্জিতা চাকমা ও তাঁর পরিবারকে শুকনো খাবারসহ জরুরি সহায়তা দেওয়া হয়েছে।


