Home জাতীয় সংসদে ঝড় তুললেন পাহাড়ের সাংসদ ওয়াদুদ, বিরোধীদের ‘চক্রান্তকারী’ আখ্যা

সংসদে ঝড় তুললেন পাহাড়ের সাংসদ ওয়াদুদ, বিরোধীদের ‘চক্রান্তকারী’ আখ্যা

বিরোধী দলকে উদ্দেশ করে হুঁশিয়ারির সুরে ওয়াদুদ ভুঁঞা বলেন, 'আমাদের ভোটাররা আঙুল চুষবে না, বসে থাকবে না — তারা প্রতিবাদ করবে।'

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ১১:৪০

Share

পার্বত্য চট্টগ্রামের সাংসদ আব্দুল ওয়াদুদ ভুঁঞা বুধবার জাতীয় সংসদে তীব্র ভাষায় বিরোধী দলের সমালোচনা করেন। রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় দাঁড়িয়ে তিনি অভিযোগ করেন, বিরোধী দল সংসদের ভেতরে ও বাইরে সরকারকে নাজেহাল করতে সক্রিয়ভাবে চক্রান্ত চালাচ্ছে।

ওয়াদুদ ভুঁঞা বলেন, শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যেতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু বিরোধী দলের সদস্যরা সংসদে যে আচরণ দেখাচ্ছেন, তাতে মনে হচ্ছে আগামী দিনে তাঁরা সুষ্ঠু ধারার রাজনীতি করতে দেবেন না।

বিরোধী দলকে একাত্তরের প্রশ্নেও সরাসরি কাঠগড়ায় দাঁড় করান তিনি। তাঁর অভিযোগ, যারা ১৯৭১ সালের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি, তারা এই দেশের উন্নয়নও চাইতে পারে না।

চট্টগ্রাম সিটি কলেজে আগের দিনের সংঘর্ষের প্রসঙ্গও টেনে আনেন তিনি। তাঁর দাবি, ছাত্রদল কেবল ‘গুপ্ত’ শব্দটি লিখেছিল, আর সে কারণেই শিবির তাদের ওপর হামলা চালিয়েছে। তিনি বলেন, এটা শুধু ছাত্রদলের ওপর হামলা নয়, বাংলাদেশের গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত।

বিরোধী দলকে উদ্দেশ করে হুঁশিয়ারির সুরে ওয়াদুদ ভুঁঞা বলেন, ‘আমাদের ভোটাররা আঙুল চুষবে না, বসে থাকবে না — তারা প্রতিবাদ করবে।’

এই মন্তব্যেই উত্তপ্ত হয়ে ওঠে সংসদ কক্ষ। তাৎক্ষণিক প্রতিবাদে উঠে দাঁড়ান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি দাবি করেন, সংসদে অসংসদীয় ভাষা ব্যবহার করা হয়েছে, তা এক্সপাঞ্জ করতে হবে। ‘জনগণ বসে থাকবে না’ — এই মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি সরাসরি প্রশ্ন রাখেন, তিনি কি জনগণকে উসকে দিচ্ছেন, বিশৃঙ্খলার দিকে ঠেলে দিচ্ছেন? এগুলো সংসদীয় আচরণ নয় বলেও মন্তব্য করেন তিনি।

সর্বশেষ :

আরও পড়ুন: