মাত্র ৭ হাজার টাকার অভাবে এসএসসি পরীক্ষা দিতে পারছিল না রাঙামাটির বরকল উপজেলার মেধাবী ছাত্রী ইশিকা চাকমা। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে এগিয়ে এলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ইশিকার পরীক্ষার যাবতীয় খরচ সরকারের পক্ষ থেকে বহনের দায়িত্ব নিলেন তিনি।
শনিবার দুপুরে বরকল উপজেলা প্রশাসন অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় মন্ত্রী এই ঘোষণা দেন। তিনি বলেন, টাকার অভাবে একজন মেধাবী শিক্ষার্থীর পরীক্ষা দিতে না পারা আমাদের জন্য লজ্জাজনক। অর্থের অভাবে কারও পড়াশোনা বন্ধ হতে দেওয়া হবে না।
ভূষণছড়া ইউনিয়নের দুর্গম জারুলছড়ি এলাকার বাসিন্দা ইশিকা জুনো পাহাড় উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। পরিবারের পক্ষ থেকে স্কুল কর্তৃপক্ষকে জানানো হয়েছিল, পরীক্ষার ফি মেটানোর সামর্থ্য তাদের নেই। সেই খবর পৌঁছায় মন্ত্রীর কাছে।
ইশিকার পাশে দাঁড়ানোর পাশাপাশি মন্ত্রী আরও বড় ঘোষণা দেন। বরকল, জুরাছড়ি ও বিলাইছড়ি উপজেলার দুর্গম এলাকার শিক্ষার্থীদের সহায়তায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে ১০ লক্ষ টাকা নগদ বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি আর হবে না।
নিজের জীবনের কথা তুলে ধরে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন মন্ত্রী। বলেন, আমিও তোমাদের মতো সাধারণ ছাত্র ছিলাম। কঠোর পরিশ্রম করে বিসিএস জুডিশিয়াল সার্ভিসে যোগ দিয়েছিলাম। তোমরাও পারবে।


