চট্টগ্রামের ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলিখেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কুমিল্লার শরীফ বলী ওরফে বাঘা শরীফ। শনিবার (২৫ এপ্রিল) বলীখেলার ১১৭তম আসরের ফাইনালে আগের বারের রানার আপ রাশেদ বলীকে হারিয়ে চ্যাম্পিয়ন হন তিনি। রাশেদ এবারও রানার আপ হয়েছেন।
এর আগে ২০২৪ সালে জব্বারের বলীখেলার ১১৫তম ও ২০২৫ সালে অনুষ্ঠিত ১১৬তম আসরেও চ্যাম্পিয়ন হয়েছিলেন বাঘা শরীফ।
শনিবার বিকেল সোয়া ৫টা চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেন শরীফ ও রাশেদ। হাজার হাজার দর্শকের উপস্থিতিতে টান টান উত্তেজনার মধ্যে ২৫ মিনিট লড়াইয়ের পর রাশেদকে কুপুকাত করেন বাঘা শরীফ। পরে আয়োজক কমিটি বাঘা শরীফকে চ্যাম্পিয়ন ও রাশেদকে রানার আপ ঘোষণা করে।
প্রতিবারের মত এবারও বলীখেলার জন্য লালদীঘি মাঠে তৈরি করা হয় বিশাল বালির মঞ্চ। খেলা শুরুর আগে থেকেই লালদীঘির মাঠের চারপাশে হাজারো কৌতুহলী জনতার উপচে পড়া ভিড় জমে। চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ছাড়াও কক্সবাজারের টেকনাফ, রামু, উখিয়া, মহেশখালি, চকরিয়া, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, নোয়াখালীসহ বিভিন্ন এলাকার প্রতিযোগীরা বলীখেলায় অংশ নেন।


