পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় জলপথে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ওয়াটার অ্যাম্বুলেন্স চালুর ঘোষণা দিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। সোমবার রাঙামাটিতে নবনির্মিত ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যসেবা একটি মৌলিক অধিকার। এই অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না।’ তিনি জানান, পার্বত্য অঞ্চলের ভৌগোলিক দুর্গমতার কারণে এখনো পর্যাপ্ত স্বাস্থ্যসেবা গড়ে ওঠেনি। তবে বর্তমান সরকার এ খাতে বিশেষ গুরুত্ব দিচ্ছে।
চিকিৎসক সংকট প্রসঙ্গে মন্ত্রী জানান, পার্বত্য তিন জেলায় চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব রয়েছে। এ সমস্যা সমাধানে তিনি ইতিমধ্যে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং পার্বত্য অঞ্চলকে অগ্রাধিকার দেওয়ার আশ্বাস পেয়েছেন।
চিকিৎসকদের উদ্দেশে দীপেন দেওয়ান বলেন, রোগীর প্রতি সহানুভূতিশীল আচরণ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে। চিকিৎসকদের আবাসন ও পরিবহন সুবিধা নিশ্চিত করতেও সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে তিনি জানান।
রাঙামাটি সদর হাসপাতাল প্রাঙ্গণে জেলা স্বাস্থ্য বিভাগ ও গণপূর্ত বিভাগের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. নূয়েন খীসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, রাঙামাটি সদর জোন কমান্ডার লে. কর্নেল মো. একরামুল রাহাত, রাঙামাটি মেডিকেল কলেজের অধ্যাপক ডা. প্রীতি প্রসূন বড়ুয়াসহ প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


