Home ফোকাস বজ্রপাতের শব্দে আতঙ্কে প্রাণ গেল বৃদ্ধের, কালবৈশাখীতে বিপর্যস্ত নাইক্ষ্যংছড়ি

বজ্রপাতের শব্দে আতঙ্কে প্রাণ গেল বৃদ্ধের, কালবৈশাখীতে বিপর্যস্ত নাইক্ষ্যংছড়ি

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে কালবৈশাখী ঝড়ে বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কিত হয়ে মারা গেছেন এক বৃদ্ধ। একই ঝড়ে চলন্ত সিএনজির ওপর গাছের ডাল ভেঙে পড়ে গুরুতর আহত হয়েছেন এক নারী যাত্রী। মঙ্গলবার বিকালে উপজেলার বাইশারী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ১০:৫৬

Share

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে কালবৈশাখী ঝড়ে বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কিত হয়ে মারা গেছেন এক বৃদ্ধ। একই ঝড়ে চলন্ত সিএনজির ওপর গাছের ডাল ভেঙে পড়ে গুরুতর আহত হয়েছেন এক নারী যাত্রী। মঙ্গলবার বিকালে উপজেলার বাইশারী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত রিফুজি মোস্তাক (৬৫) স্থানীয় উলা মিয়ার ছেলে। জানা গেছে, বাইশারী ইউনিয়নে পানের বরজ ও রাবার নার্সারিতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন তিনি। ফাঁড়িখাল এলাকায় পৌঁছাতেই হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়ে যান তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা গিয়ে মরদেহ উদ্ধার করেন।

একই সময়ে দক্ষিণ বাইশারী এলাকায় বাইশারী বাজারগামী একটি চলন্ত সিএনজির ওপর ঝড়ের তীব্র বাতাসে গাছের ডাল ভেঙে পড়ে। এতে সিএনজিটি ক্ষতিগ্রস্ত হয় এবং যাত্রী হাজেরা খাতুন (৪০) মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। স্থানীয়ভাবে তাঁকে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ঝড়ে জেলার সাতটি উপজেলায় গাছপালা ভেঙে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুপুর থেকেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, কালবৈশাখী ঝড়ে উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়েছে। সবাইকে সতর্ক ও নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সর্বশেষ :

আরও পড়ুন: