রাঙামাটির বরকল উপজেলার হরিণার ব্যবসায়ী মো. মোজাম্মেলের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে মিথ্যা অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিবাদে শনিবার জেলা শহরের বনরূপায় এক সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।
সংবাদ সম্মেলনে মোজাম্মেল জানান, একটি চক্র দীর্ঘদিন ধরে তার ব্যক্তিগত ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ণ করতে সামাজিক মাধ্যমে ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছে এবং মোটা অঙ্কের চাঁদা দাবি করছে। তিনি বলেন, ‘এই অপপ্রচার শুধু আমার মানহানি করছে না, স্থানীয় হাজার হাজার ব্যবসায়ীর নিরাপদ পরিবেশকেও ঝুঁকির মুখে ফেলছে।’
প্রতিকার চেয়ে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন তিনি। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্তের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি বরকল থানায় সাধারণ ডায়েরিও করা হয়েছে। অপপ্রচারের মূল হোতা হিসেবে রবিউল ইসলাম ও নূর হোসেনের নাম উল্লেখ করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মোজাম্মেল।
সংবাদ সম্মেলনে হরিণা ব্যবসায়ী সমিতির সভাপতি মো. সোলায়মান সওদাগরসহ স্থানীয় ব্যবসায়ী নেতারা সংহতি প্রকাশ করে সৎ ব্যবসায়ীদের হয়রানি রোধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।


