কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বলেছেন, আগামী বছরের মধ্যে রোহিঙ্গাদের তাদের দেশে ফেরত পাঠানোর জন্য কাজ করা হচ্ছে। ২০২৭ সালে রোহিঙ্গাদের ‘গুডবাই’ জানানো হবে। সরকারের সংশ্লিষ্ট মহলে রোহিঙ্গাদের বিষয়ে আলাপ তুলবেন বলেও জানান তিনি।
শনিবার উখিয়ার পালংখালী স্টেশনে অধিকার বাস্তবায়ন কমিটির আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শাহজাহান চৌধুরী আরও বলেন, রোহিঙ্গা ক্যাম্পে স্থানীয় শিক্ষিত যুবকদের চাকরি নিশ্চিত করতে হবে। এ সময় পাহাড় কেটে রোহিঙ্গা ক্যাম্পে স্থায়ী আবাসন নির্মাণের জন্য বেসরকারি সংস্থাগুলোর প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি।
মানববন্ধনে সাত দফা দাবি তুলে ধরেন অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল হোসাইন। এর মধ্যে রয়েছে রোহিঙ্গাদের অবাধ যাতায়াত বন্ধ; মাদক, খাদ্যসামগ্রী, মানব পাচার ও অপহরণ বন্ধ; চাকরির নিয়োগে স্বচ্ছতা ও নিয়োগে স্থানীয়দের প্রাধান্য দেওয়া; ক্যাম্পে ব্রডব্যান্ড ইন্টারনেট ও অনলাইন জুয়া বন্ধ এবং বাঙালি ও রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে বিয়ে বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ ইত্যাদি।


