Home খাগড়াছড়ি রামগড়ে ‘ডাক্তার’ পরিচয়ে চিকিৎসা: পল্লী চিকিৎসককে ৪০ হাজার টাকা জরিমানা

রামগড়ে ‘ডাক্তার’ পরিচয়ে চিকিৎসা: পল্লী চিকিৎসককে ৪০ হাজার টাকা জরিমানা

খাগড়াছড়ির রামগড় উপজেলায় ‘ডাক্তার’ পদবি ব্যবহার করে চিকিৎসা দেওয়ার অভিযোগে মো. শহিদুল ইসলাম (৪০) নামে এক পল্লী চিকিৎসককে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ৪ মে ২০২৬, ০২:২৭

Share

খাগড়াছড়ির রামগড় উপজেলায় ‘ডাক্তার’ পদবি ব্যবহার করে চিকিৎসা দেওয়ার অভিযোগে মো. শহিদুল ইসলাম (৪০) নামে এক পল্লী চিকিৎসককে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার রাত প্রায় আটটার দিকে উপজেলার কালাডেবা বাজারে অবস্থিত ‘সাকিব মেডিকেল হল’ নামের একটি ফার্মেসিতে এ অভিযান চালানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)-এর বৈধ সনদ ছাড়াই মো. শহিদুল ইসলাম তাঁর প্রতিষ্ঠানের সাইনবোর্ড ও ব্যবস্থাপত্রে নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। এতে সেবাগ্রহীতাদের আর্থিক ক্ষতি, স্বাস্থ্যঝুঁকি ও জীবনহানির সম্ভাবনা তৈরি হচ্ছিল বলে মনে করে প্রশাসন।

এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় তাঁকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম বলেন, বিএমডিসি কর্তৃক বৈধ নিবন্ধন ছাড়া কেউ নিজস্ব প্যাড বা পরিচয়ে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করে চিকিৎসা দিতে পারেন না।

তিনি আরও বলেন, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর ধারা ২৮(৩) অনুযায়ী অভিযোগটি তাৎক্ষণিকভাবে প্রমাণিত হওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে সতর্ক করা হয়েছে।

অভিযান চলাকালে রামগড় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এবিএম মোজাম্মেল হকসহ সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ :