Home চট্টগ্রাম বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের অবস্থান

বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের অবস্থান

জমানো টাকা উত্তোলন, লেনদেন স্বাভাবিক ও হেয়ার কাট বাতিলের দাবিতে একীভূত পাঁচ ব্যাংকের শাখায় তালা ঝুলানোর পর এবার বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান নিয়েছে আমানতকারীরা। গত কয়েকদিন ধরে পাঁচটি ব্যাংকের বিরুদ্ধে আমানতকারীদের চলমান কর্মসূচি এখন ব্যাংক পর্যন্ত এসে ঠেকেছে।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ৬ মে ২০২৬, ১২:৩৭

Share

জমানো টাকা উত্তোলন, লেনদেন স্বাভাবিক ও হেয়ার কাট বাতিলের দাবিতে একীভূত পাঁচ ব্যাংকের শাখায় তালা ঝুলানোর পর এবার বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান নিয়েছে আমানতকারীরা। গত কয়েকদিন ধরে পাঁচটি ব্যাংকের বিরুদ্ধে আমানতকারীদের চলমান কর্মসূচি এখন ব্যাংক পর্যন্ত এসে ঠেকেছে।

বুধবার সকালে (৬ মে) চট্টগ্রাম নগরের কোতোয়ালি মোড় সংলগ্ন বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম শাখা কার্যালয়ের সামনে আমানতকারীরা অবস্থান কর্মসূচি পালন করে। বাংলাদেশ ব্যাংক ভুক্তভোগী আমানতকারী এসোসিয়েশন’র ব্যানারে গ্রাহকরা এই কর্মসূচি পালন করছেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

আমানতকারীরা প্রথমে নিউমার্কেট মোড়স্থ দোস্ত বিল্ডিংয়ের সামনে মানববন্ধন করেন । তারপর সেখান থেকে ব্যানার সহকারে মিছিল নিয়ে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান নেন তারা।

এক আমানতকারী বলেন, আমি ডায়াবেটিক রোগী, কিডনি সমস্যা আমার। টাকার জন্য আমি ডায়ালেসিস পর্যন্ত করাতে পারছি না। ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে আমার টাকা আছে। আমি ৩৫ বছর বিদেশে ছিলাম। ব্যাংকগুলো যে আমাদের টাকা আত্মসাৎ করে ফেলছে তখন বাংলাদেশ ব্যাংক কোথায় ছিল ? দায়ভার বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষকে নিতে হবে। আমরা আমাদের টাকা ফেরত চাই। স্বাভাবিক লেনদেন চাই।

আরেক নারী আমানতকারী বলেন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। গত কয়েকদিন ধরে আমাদের কর্মসূচি চলছে। আমরা ব্যাংকের স্বাভাবিক লেনদেন, হেয়ার কাট বাতিলের দাবি জানিয়ে আসছি। বাংলাদেশ ব্যাংক যেন এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেয়, সেটাই আমাদের চাওয়া।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ২০২৪ ও ২০২৫ সালে পাঁচটি ব্যাংক বড় লোকসান করেছে। ব্যাংকগুলো হল- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক। এ জন্য আমানতকারীরা এই দুই বছরের জন্য তাঁদের আমানতের বিপরীতে কোনো মুনাফা পাবেন না। আন্তর্জাতিক রীতি মেনে আমানতকারীদের দুই বছরের মুনাফা ‘হেয়ারকাট’ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোতে ৭ থেকে ৯ শতাংশ মুনাফার আমানত রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, পাঁচ ব্যাংকে বর্তমানে ৭৫ লাখ আমানতকারীর প্রায় ১ লাখ ৪২ হাজার কোটি টাকা জমা রয়েছে। তার বিপরীতে এসব ব্যাংকের ঋণ রয়েছে ১ লাখ ৯৩ হাজার কোটি টাকা, যার বড় অংশ ইতিমধ্যে খেলাপি হয়ে গেছে।

সর্বশেষ :

আরও পড়ুন: