Home কক্সবাজার লোকসানে ডুবছে কক্সবাজারের ৪০ হাজার চাষি

লোকসানে ডুবছে কক্সবাজারের ৪০ হাজার চাষি

ঝড়-বৃষ্টির ধাক্কা সামলে আবার মাঠে নেমেছেন কক্সবাজারের লবণচাষিরা। ক্ষতিগ্রস্ত জমি পরিষ্কার করে বিছানো হচ্ছে কালো ত্রিপল, টানা হচ্ছে লবণাক্ত পানি। কড়া রোদ থাকলে আগামী তিন থেকে চার দিনের মধ্যে পুরোদমে উৎপাদন শুরু হবে বলে আশা চাষিদের। কিন্তু মাঠে ফিরলেও মুখে হাসি নেই— ন্যায্যমূল্য না পেয়ে লোকসানের চাপে দিশেহারা প্রায় ৪০ হাজার চাষি।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ৯ মে ২০২৬, ০২:৩৬

Share

ঝড়-বৃষ্টির ধাক্কা সামলে আবার মাঠে নেমেছেন কক্সবাজারের লবণচাষিরা। ক্ষতিগ্রস্ত জমি পরিষ্কার করে বিছানো হচ্ছে কালো ত্রিপল, টানা হচ্ছে লবণাক্ত পানি। কড়া রোদ থাকলে আগামী তিন থেকে চার দিনের মধ্যে পুরোদমে উৎপাদন শুরু হবে বলে আশা চাষিদের। কিন্তু মাঠে ফিরলেও মুখে হাসি নেই— ন্যায্যমূল্য না পেয়ে লোকসানের চাপে দিশেহারা প্রায় ৪০ হাজার চাষি।

বিসিকের তথ্যমতে, গত এক সপ্তাহের ঝড়ো হাওয়া ও বৃষ্টিতে উপকূলের প্রায় ৬৮ হাজার একর লবণ জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসলামপুরের চাষি মোস্তাক আহমদ ও জসিম উদ্দিন দুই ভাই মিলে সাড়ে তিন একর জমিতে চাষ করেন। বৈরী আবহাওয়ায় তাঁদের প্রায় ৫০০ মণ লবণ নষ্ট হয়ে গেছে।

মোস্তাক আহমদ বলেন, বৃষ্টিতে অনেক লবণ ভেসে গেছে। এখন আবহাওয়া ভালো দেখে আবার মাঠে নেমেছি। দ্রুত লবণ না উঠলে টিকে থাকা মুশকিল।

তবে আসল সংকট অন্য জায়গায়। বাজারে এক কেজি প্যাকেটজাত লবণ ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হলেও মাঠ পর্যায়ে চাষিরা পাচ্ছেন মাত্র ৪ থেকে ৫ টাকা। অথচ প্রতি কেজি উৎপাদনে খরচ পড়ছে ১০ থেকে ১১ টাকা। অর্থাৎ বিক্রি করলেই লোকসান।

চৌফলদণ্ডীর চাষি নবী হোসেন বলেন, সবকিছুর দাম বাড়লেও লবণের দাম কমছে। শ্রমিকের মজুরি দিতে এখন ধারদেনা করতে হচ্ছে। ঘোনাপাড়ার সৈয়দ আলমের কথায়, সরকার ন্যায্যমূল্য না দিলে গরিব চাষিরা একদিন মাঠ ছেড়ে পালাবে।

চলতি মৌসুমে ২৭ লাখ ১৫ হাজার মেট্রিক টন লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত সাড়ে পাঁচ মাসে উৎপাদিত হয়েছে ১৭ লাখ ৫৯ হাজার মেট্রিক টন। সাধারণত ১৫ মে মৌসুম শেষ হলেও আবহাওয়া অনুকূলে থাকলে মাসের শেষ পর্যন্ত মাঠে থাকবেন চাষিরা।
বিসিকের কক্সবাজার লবণ শিল্প উন্নয়ন কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. জাফর ইকবাল ভূঁইয়া বলেন, ন্যায্যমূল্য নিশ্চিতে কাজ চলছে। নতুন সরকারের সঙ্গে সমন্বয় করে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

সর্বশেষ :

আরও পড়ুন: