রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে এক সদস্যকে গুলি করে হত্যার প্রতিবাদে আধা বেলা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসীত)। এতে সাজেক-দীঘিনালা ও দীঘিনালা-বাঘাইছড়ি সড়কে যান চলাচল প্রায় বন্ধ হয়ে পড়ে। বিপাকে পড়েন পর্যটকসহ স্থানীয় বাসিন্দারা।
গত শনিবার সাজেকের শুকনাছড়া এলাকায় ইউপিডিএফ-প্রসীতের সদস্য হেগেরা চাকমাকে গুলি করে হত্যা করা হয়। দলটির অভিযোগ, প্রতিপক্ষ ইউপিডিএফ-গণতান্ত্রিকের লোকজন এ ঘটনা ঘটিয়েছেন।
সোমবার ভোর থেকে সাজেক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাচালং ও উজোবাজারসহ সড়কের বিভিন্ন স্থানে বাঁশ ও গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা তৈরি করেন ইউপিডিএফ সদস্যরা। টায়ার জ্বালিয়ে পিকেটিংও করা হয়।
ইউপিডিএফ-প্রসীতের মুখপাত্র অংগ্য মারমা বলেন, হত্যাকাণ্ডের বিচার ও দোষীদের গ্রেফতারের দাবিতে এই কর্মসূচি।
তবে অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফ-গণতান্ত্রিক। দলটির সংগঠক অমর জ্যোতি চাকমা বলেন, ঘটনাস্থলে তাঁদের দলের কোনো কার্যক্রম নেই এবং তাঁদের ওপর অহেতুক দোষ চাপানো হচ্ছে।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, হত্যার ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয়নি। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সজাগ রয়েছে বলেও জানান তিনি।


