ঢাকার সরকারি হাসপাতালে দালালবিরোধী অভিযানের সময় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যায়িত করে হয়রানি ও আটকের ঘটনার প্রতিবাদে খাগড়াছড়ির দীঘিনালায় মানববন্ধন করেছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যালায়েন্স (ফারিয়া) দীঘিনালা শাখা।
সোমবার সকালে দীঘিনালা কলেজ মোড়ে আয়োজিত এই মানববন্ধনে উপজেলার বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা অংশ নেন।
ফারিয়া দীঘিনালা শাখার সভাপতি তাহিরুল ইসলাম সোহাগ বলেন, ‘মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা চিকিৎসকদের কাছে ওষুধের তথ্য পৌঁছে দিয়ে স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের দালাল বলে অপমান করা এবং হয়রানি করা অত্যন্ত দুঃখজনক। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।’
মানববন্ধন থেকে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা, হয়রানি বন্ধ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।


