মন্ত্রিসভায় জায়গা হয়নি। কিন্তু হাত আর খালি থাকছে না পাহাড়ের দুই সাংসদের। গাড়িতে উঠছে জাতীয় সংসদের পতাকা — যা ঢাকায় প্রতিমন্ত্রীরাও পান না। কীভাবে? আসন্ন বাজেট অধিবেশনে জাতীয় সংসদের সংসদীয় স্থায়ী কমিটি গঠন হচ্ছে। সেসব কমিটিতে সভাপতি পদে নাম শোনা যাচ্ছে খাগড়াছড়ির সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভুঁইয়া ও বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরীর।
জানা গেছে, একজন পাবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত কমিটি, আরেকজন অন্য কোনো কমিটি। মন্ত্রিসভায় স্থান না পাওয়া সিনিয়র সাংসদদের এভাবে কমিটির সভাপতি করে মর্যাদা দেওয়ার রেওয়াজ দীর্ঘদিনের।
গাড়িতে গানম্যান ও পতাকার পাশাপাশি সংসদ ভবনে পূর্ণাঙ্গ অফিস, একান্ত সচিব এবং উপসচিব পদমর্যাদার কর্মকর্তা পাবেন সভাপতিরা। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীকেও কমিটির বৈঠকে জবাবদিহি করতে হবে। প্রয়োজনে যেকোনো ব্যক্তি বা মন্ত্রণালয়ের ফাইল তলব করার ক্ষমতাও থাকছে।
এর আগে দ্বাদশ জাতীয় সংসদে স্থায়ী কমিটির সভাপতি পদে ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর ওশেশিং, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে ছিলেন দীপঙ্কর তালুকদার। এছাড়া সদস্য হিসেবে অন্তর্ভুক্ত ছিলেন বিভিন্ন কমিটিতে।


