Home জাতীয় ‘দেশের সব নৃতাত্ত্বিক জাতিসত্তার বৈচিত্র্যই এই মাতৃভূমিকে পূর্ণ করে’ — পাহাড়ের এমপিদের সংবর্ধনা অনুষ্ঠানে বললেন তথ্যমন্ত্রী

‘দেশের সব নৃতাত্ত্বিক জাতিসত্তার বৈচিত্র্যই এই মাতৃভূমিকে পূর্ণ করে’ — পাহাড়ের এমপিদের সংবর্ধনা অনুষ্ঠানে বললেন তথ্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রামের নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশ একটি মানব শরীরের মতো। শরীরের প্রতিটি অঙ্গ যেমন অপরিহার্য, তেমনি এ দেশের সব নৃতাত্ত্বিক জাতিসত্তা, ধর্ম ও ভাষাগোষ্ঠীর বৈচিত্র্যই এই মাতৃভূমিকে পূর্ণ করে।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ১৬ মে ২০২৬, ১২:১৬

Share

পার্বত্য চট্টগ্রামের নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশ একটি মানব শরীরের মতো। শরীরের প্রতিটি অঙ্গ যেমন অপরিহার্য, তেমনি এ দেশের সব নৃতাত্ত্বিক জাতিসত্তা, ধর্ম ও ভাষাগোষ্ঠীর বৈচিত্র্যই এই মাতৃভূমিকে পূর্ণ করে।

শুক্রবার বিকেলে রাজধানীর বেইলি রোডের পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে ‘বিজু, বৈসুক, সাংগ্রাই, বিষু, চাংক্রান উৎসবোত্তর পুনর্মিলনী ও সংবর্ধনা ২০২৬’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বৈচিত্র্যকে যারা ধারণ করতে জানে না বা জোর করে বিভাজন তৈরি করতে চায়, তারা দেশবিরোধী। আর এই বৈচিত্র্যকে ধারণ করাই হলো প্রকৃত দেশপ্রেম।’

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করে তিনি বলেন, ‘বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে জিয়াউর রহমান নাগরিকভিত্তিক জাতীয়তার ধারণা প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে সব ভাষা, বর্ণ ও জাতিসত্তার মানুষ সমানভাবে বাংলাদেশের নাগরিক হিসেবে মর্যাদা পান।’ প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফেরার পর পাহাড় ও সমতলের নাগরিকদের সমান অধিকারের বিষয়ে স্পষ্ট ঘোষণা দিয়েছেন বলেও উল্লেখ করেন মন্ত্রী।

নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, জাতীয় সংহতির জন্য সংখ্যালঘু সব জাতিসত্তার রাষ্ট্রীয় সুযোগ-সুবিধায় অংশগ্রহণ নিশ্চিত করতে আইন-কানুন তৈরি করতে হবে। এ ধরনের যেকোনো উদ্যোগে পাশে থাকার আশ্বাসও দেন তিনি।
মেজর (অব.) তপন বিকাশ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান, সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, সাচিং প্রু জেরী এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা।

সর্বশেষ :

আরও পড়ুন: