Home খেলা বিশ্বকাপের আগেই রাঙামাটিতে শুরু ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই

বিশ্বকাপের আগেই রাঙামাটিতে শুরু ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই

এখনো শুরুই হয়নি বিশ্বকাপ। তবু রাঙামাটির কাপ্তাই হ্রদের দুই সেতুতে ঠিকই শুরু হয়ে গেছে ব্রাজিল-আর্জেন্টিনার চিরন্তন লড়াই। এক সেতু জুড়ে হলুদ-সবুজের জয়জয়কার, পাশেরটায় আকাশি-সাদার দাপট। বিশ্বকাপ শুরুর আর মাত্র এক মাস বাকি — আর সেই উত্তেজনার আঁচ এসে লেগেছে পাহাড়ি এই জনপদেও।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ১৮ মে ২০২৬, ০১:৫৭

Share

এখনো শুরুই হয়নি বিশ্বকাপ। তবু রাঙামাটির কাপ্তাই হ্রদের দুই সেতুতে ঠিকই শুরু হয়ে গেছে ব্রাজিল-আর্জেন্টিনার চিরন্তন লড়াই। এক সেতু জুড়ে হলুদ-সবুজের জয়জয়কার, পাশেরটায় আকাশি-সাদার দাপট। বিশ্বকাপ শুরুর আর মাত্র এক মাস বাকি — আর সেই উত্তেজনার আঁচ এসে লেগেছে পাহাড়ি এই জনপদেও।

রাঙামাটি সদরের আসামবস্তি এলাকায় পাশাপাশি দাঁড়িয়ে আছে দুটি সেতু। দূরত্ব একশ মিটারেরও কম। কিন্তু আবেগের হিসাবে দুই মেরু। স্থানীয়দের মুখে একটির নাম ‘ব্রাজিল সেতু’, অন্যটি ‘আর্জেন্টিনা সেতু’।

আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় পর্দা উঠবে ২৩তম বিশ্বকাপের — আর তার আগেই এই দুই সেতু হয়ে উঠেছে পাহাড়ের ফুটবলপ্রেমীদের উত্তেজনার কেন্দ্র।

ব্রাজিল সেতুতে এখন নতুন রং। ফ্যাকাশে হয়ে যাওয়া হলুদ-সবুজ ফের ঝকঝকে। যেন চার বছরের অপেক্ষার ক্লান্তি ঝেড়ে নতুন করে স্বপ্ন দেখছেন সমর্থকরা। ২০০২ সালের পর থেকে বিশ্বকাপ শিরোপা ছোঁয়া হয়নি ব্রাজিলের।

একেকটি আসর শেষ হয়, হতাশা বাড়ে। তার ওপর গতবার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার ঘরে গেছে ট্রফি — সে যন্ত্রণা বহুগুণ বাড়িয়েছে। তবু আশা ছাড়েননি ব্রাজিল সমর্থক সুমন চাকমা। বলেন, “অনেক দিন হলো কাপ পাই না। কিন্তু ব্রাজিল মানেই প্রত্যাশা। এবার ভালো কিছু হবেই।”

আর্জেন্টিনা সেতুতে অবশ্য এখনো রঙের জৌলুস ফেরেনি। কিছুটা বিবর্ণ। তবু আবেগ বিবর্ণ হয়নি এতটুকু। সমর্থক মোহাম্মদ হেলালের এখনো চোখে লেগে আছে ২০২২-এর স্মৃতি — মেসির হাতে বিশ্বকাপ, রাঙামাটিজুড়ে আকাশি-সাদার জোয়ার। সে ফাইনাল সেতুর বড় পর্দায় দেখতে পারেননি, জীবিকার টানে ছিলেন চট্টগ্রামে। এবার আর মিস নেই — সেতুতেই থাকবেন।

বিশ্বকাপ এলে যেন দুই ভাগ হয়ে যায় গোটা এলাকা — হলুদ-সবুজ আর আকাশি-সাদা। বিশ্বের মাঠ থেকে আট হাজার মাইল দূরের এই দুই সেতু তখন শুধু পারাপারের পথ থাকে না। হয়ে ওঠে আবেগের রণক্ষেত্র। সন্ধ্যা নামলেই জমে আড্ডা, তর্ক, ভবিষ্যদ্বাণী। পাহাড়ের মানুষ মাঠে না নামলেও গ্যালারিতে তারা কারো চেয়ে কম নয়।

সর্বশেষ :

আরও পড়ুন: