চট্টগ্রাম নগরীতে ট্রাফিক ব্যবস্থা আধুনিকীকরণের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন একটি প্রকল্প হাতে নিয়েছে। ‘ডেভেলপমেন্ট অব স্মার্ট ট্রাফিক সিস্টেম ফর ডিফারেন্ট এরিয়াস অব চট্টগ্রাম সিটি কর্পোরেশন’ নামের এই প্রকল্পটির জন্য সংস্থাটি ডিপিপি তৈরির কাজও শুরু করে।
ডিপিপির কাজ দ্রুত সময়ে করার জন্য গতবছর ২০ নভেম্বর একটি কমিটিও গঠন করা হয়। কমিটিকে ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশনা ছিল। তবে একে একে ৫টি মাস পেরিয়ে গেলেও এখনো প্রকল্পটির খসড়া ডিপিপি তৈরি করতে পারেনি সংস্থাটি।
এ ব্যাপারে প্রকল্পটির ডিপিপি প্রস্তুত কমিটির চেয়ারম্যান চসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু সাদাত মোহাম্মদ তৈয়ব বলেন, বিশ্বের বিভিন্ন দেশে স্মার্ট ট্রাফিক সিস্টেম চালু আছে। চট্টগ্রাম নগরের যানজট নিয়ন্ত্রণ ও পরিবহন নেটওয়ার্ক স্থাপনে স্মার্ট ট্রাফিক সিস্টেম প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকল্পের খসড়া ডিপিপি তৈরির কাজ শেষ পর্যায়ে। সপ্তাহখানেকের মধ্যেই কাজ সম্পন্ন হবে।
তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম শহরের সড়কে অনেকগুলো ব্যস্ত মোড় রয়েছে, যেখানে এআই ক্যামেরা বসানো দরকার। এসব মোড়ে ক্যামেরা স্থাপনা করলে ট্রাফিক পুলিশের কষ্ট অনেকাংশে লাঘব হবে। কেউ সিগনাল অমান্য করলে যখন স্বয়ংক্রিয়ভাবে জরিমানার বার্তা নিজের মোবাইলে পৌঁছে যাবে। তখন সহজে কেউ আর ট্রাফিক আইন ভঙ্গ করবে না। গাড়ি ছাড়াতে তদবিরও কমে যাবে।
চসিক সূত্রে জানা গেছে, এই প্রকল্পের আওতায় ছয়টি ক্ষেত্র রয়েছে- পুরো নগরজুড়ে আধুনিক স্মার্ট সিগন্যাল লাইট স্থাপন, গুরুত্বপূর্ণ মোড়ে ফিজিবিলিটি স্টাডি ও ডিজাইন কাজ, সড়ক নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণ উন্নয়ন, স্মার্ট ট্রাফিক সিস্টেম বাস্তবায়ন।
তবে এ প্রকল্পটি বাস্তবায়নে ২০২৪ সালে ডিপিপি প্রস্তুতের উদ্যোগ নেয়া হয়। তবে ওই বছরের ৫ আগস্ট পটপরিবর্তনের পর বিষয়টি আর এগোয়নি। পরবর্তীতে ২০২৫ সালের ২০ নভেম্বর ডিপিপি প্রস্তুতে কমিটি গঠন করা হয়।


