বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত না এসেও বেতন-ভাতা তুলে যাচ্ছিলেন একদল শিক্ষক। অভিভাবকদের অভিযোগের পর তদন্তে সেই অনিয়মের প্রমাণ মেলে। এরই পরিপ্রেক্ষিতে ১৩ জন শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার অনুমোদন দিয়েছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।
গত মঙ্গলবার জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই এই অনুমোদন দেন। আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) পরিনয় চাকমা।
অভিযুক্ত ১৩ জন শিক্ষক তিনটি বিদ্যালয়ের — রেংপু হেডম্যান পাড়া, রাইতুমনি পাড়া এবং মেনকেউ মেনক পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এর মধ্যে রয়েছেন একজন প্রধান শিক্ষক, একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং ১১ জন সহকারী শিক্ষক।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কামাল উদ্দিন জানান, ২০২৪ সালে বিদ্যালয়ে অনুপস্থিতি, অনিয়মিত উপস্থিতি এবং নানা অনিয়মের অভিযোগে তদন্ত পরিচালনা করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এরপর জেলা প্রাথমিক শিক্ষা অফিস বিভাগীয় মামলার আবেদন করলে জেলা পরিষদ তা অনুমোদন করে।
জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বলেন, তদন্তে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। প্রমাণের ভিত্তিতেই বিভাগীয় মামলার অনুমোদন দেওয়া হয়েছে।


